এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ফিলিপিন্সের বিপক্ষে ৭২ মিনিট পর্যন্ত প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। তবে শেষ মুহূর্তে আর সেই লড়াই ধরে রাখতে পারেনি সাইফুল বারী টিটুর দল। শেষ দিকে তিন গোল হজম করে ৩-০ ব্যবধানে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
উজবেকিস্তানের তাসখন্দে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ফিলিপিন্সের মুখোমুখি হয় বাংলাদেশ। এই জয়ে টানা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে ফিলিপিন্স।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের রক্ষণকে ব্যস্ত রাখে ফিলিপিন্স। ২৩ মিনিটে প্রতিপক্ষের কাছের পোস্ট লক্ষ্য করে নেওয়া শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক মেঘলা রানী রায়। পাঁচ মিনিট পর আরিনা সোফিয়ার শট অল্পের জন্য দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
কুলিং ব্রেকের পর বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে বাংলাদেশ। ৪৩ মিনিটে সতীর্থের ক্রস থেকে মৌসুমীর হেড পোস্টের সামান্য বাইরে দিয়ে গেলে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় দল। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও বড় সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বক্সের বাইরে থেকে আলপি আক্তারের বাঁ পায়ের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধেও ফিলিপিন্সের আক্রমণের মুখে বেশির ভাগ সময় রক্ষণ সামলাতে হয় বাংলাদেশকে। অবশেষে ৭৩ মিনিটে ভাঙে প্রতিরোধ। বাঁ দিক থেকে আসা ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি বাংলাদেশের এক ডিফেন্ডার। বল পেয়ে দ্রুত শটে জাল খুঁজে নেন মায়া রোজ বাসকারা।
এরপর শেষ দিকে ব্যবধান বাড়ান নোয়েল্লে গ্রানজার। ৯০ মিনিটে বক্সের ভেতর ডান দিক থেকে কোনাকুনি শটে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে বাঁ দিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে বাংলাদেশের বিদায় নিশ্চিত করেন গ্রানজার।
ক্রসবারে আলপির শট ফিরে আসা কিংবা প্রথমার্ধে মৌসুমীর সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। অন্যদিকে, শেষ দিকে তিন গোল করে মূল পর্বে ওঠার পথ নিশ্চিত করে ফিলিপিন্স।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

