রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অবসরপ্রাপ্ত উচ্চমান সহকারী মিসেস সেলিনা আক্তারের বিরুদ্ধে ১ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ ঘটনায় সেলিনা আক্তারের স্বামী ও রাজউকের অবসরপ্রাপ্ত উচ্চমান সহকারী আব্দুল মালেক মিয়াকেও আসামি করা হয়েছে।
দুদক জানায়, সেলিনা আক্তার ২০১৮ সালের ১০ ডিসেম্বর কমিশনে দাখিল করা সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানকালে তার নামে ১ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৬৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া যায়। এই সম্পদ অর্জনে তার স্বামী আব্দুল মালেক মিয়া সহায়তা করেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, সেলিনা আক্তারের বৈধ উৎসের সম্পদের পরিমাণ ৩ কোটি ৮ লাখ ২৪ হাজার ৮০৫ টাকা। বিপরীতে তার নামে প্রাপ্ত সম্পদের মূল্য ৪ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা। অর্থাৎ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মূল্য ১ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৬৯৩ টাকা।
দুদকের সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য্য অনুসন্ধানটি পরিচালনা করেন।
এ ঘটনায় সেলিনা আক্তার ও আব্দুল মালেক মিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করেছে কমিশন।


