সাত মাসে ৪ লাখ ৩২ হাজার কর্মী গেলেন বিদেশে, রেমিট্যান্স ছাড়াল ২৪.৭৫ বিলিয়ন ডলার – DesheBideshe

সাত মাসে ৪ লাখ ৩২ হাজার কর্মী গেলেন বিদেশে, রেমিট্যান্স ছাড়াল ২৪.৭৫ বিলিয়ন ডলার – DesheBideshe


সাত মাসে ৪ লাখ ৩২ হাজার কর্মী গেলেন বিদেশে, রেমিট্যান্স ছাড়াল ২৪.৭৫ বিলিয়ন ডলার – DesheBideshe

ঢাকা, ০৮ অক্টোবর – চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র সাত মাসে বিশ্বের বিভিন্ন দেশে মোট চার লাখ ৩২ হাজার ৭৮৬ জন বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থান লাভ করেছেন। যার মধ্যে নারী কর্মীর সংখ্যা ৩৬ হাজার ৫৯০ জন। একই সময়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ দাঁড়িয়েছে রেকর্ড ২৪.৭৫ বিলিয়ন (২,৪৭৫ কোটি) মার্কিন ডলারে, যা বিগত সময়ের তুলনায় প্রায় ২৮০ কোটি (২.৮০ বিলিয়ন) ডলার বেশি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠকে এই তথ্য তুলে ধরা হয়।

প্রবাসী কর্মীদের বিমানবন্দর হয়রানি বন্ধের কঠোর নির্দেশ

কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিদেশগামী ও বিদেশফেরত প্রবাসী কর্মীদের বিমানবন্দরে যেকোনো ধরনের অবহেলা, জটিলতা ও হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ পর্যালোচনা করে যেকোনো অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

যুদ্ধকবলিত ইরান থেকে নিরাপদে ফিরলেন ১৮৬ জন

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান থেকে ১২ জন নারী ও ৮ শিশুসহ মোট ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের যেকোনো সংকটকালীন মুহূর্তে দ্রুত সুরক্ষা ও দেশে ফেরত আনার বিষয়ে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে সভায় আলোচনা করা হয়।

রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য স্বচ্ছতার তাগিদ

বৈঠকে জানানো হয়, বর্তমানে দেশে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির সংখ্যা ২ হাজার ৮৬০টি, যার মধ্যে সক্রিয় রয়েছে ২ হাজার ১৮৭টি এজেন্সি। বোয়েসেল (BOESL) এবং এসব বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে জালিয়াতি ও অনিয়ম রোধে সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে সংসদীয় কমিটি।

এনএন/ ০৮ অক্টোবর ২০২৬

Scroll to Top