শরিয়াহভিত্তিক ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনায় নতুন নির্দেশিকা জারি

শরিয়াহভিত্তিক ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনার ক্ষেত্রে ব্যাংকগুলোকে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের কার্ডের পণ্য, চুক্তি, লেনদেন, ফি, চার্জ ও কার্ড পরিচালনা পদ্ধতিসহ সংশ্লিষ্ট সব কার্যক্রমে শরিয়াহ নীতি অনুসরণের কথা বলা হয়েছে।

ইসলামী ক্রেডিট কার্ড

বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকায় বলা হয়েছে, প্রচলিত সুদের পরিবর্তে ব্যাংকগুলোকে কর্জ ও উজরাহ (সেবা মূল্য) নীতি অনুসরণ করতে হবে।

এতে আরও বলা হয়েছে, শরিয়াহ মতে নিষিদ্ধ পণ্য ও সেবা—যেমন মদ, জুয়া, তামাক ইত্যাদির লেনদেনে ইসলামী ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে না।

কার্ড পরিচালনার ক্ষেত্রে ব্যাংকগুলো গ্রাহকের মুদারাবা বা বিনিয়োগকারী গ্রাহকদের সঞ্চিত আমানতের তহবিল ব্যবহার করতে পারবে না।

নির্দেশিকায় নগদ উত্তোলনের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রাখা হয়েছে। কার্ড ব্যবহার করে নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে নির্দিষ্ট অংকের ফি নেয়া যাবে। তবে উত্তোলিত টাকার ওপর শতাংশ হারে কোনো ফি আরোপ করা যাবে না।

কার্ডের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ফি বা চার্জ পরিবর্তন করতে হলে গ্রাহককে কমপক্ষে ৩০ দিন আগে তা জানাতে হবে।

এছাড়া এই কার্ডের মাধ্যমে কেনাকাটা, নগদ উত্তোলন বা ইউটিলিটি বিল পরিশোধের মতো ক্ষেত্রে নেয়া হাসানা বা সুদমুক্ত ঋণ হিসেবে গণ্য হবে। এ ধরনের ঋণের ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে কোনো অতিরিক্ত অর্থ বা সুবিধা আদায় করা যাবে না।

Scroll to Top