ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ড

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সে কাছে হেরেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দল অজিদের কাছে হেরেছে ৩৭ রানে। টানা দুই ম্যাচে হেরে টেবিলের তলানিতে নেমেছে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলের অন্যতম স্পন্সর আইস্ক্রিন সব খেলা দেখাচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ করে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ৩৭ রানের জয়ের মাধ্যমে প্রথম জয় তোলে আসরে।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ঠিকঠাক করে বাংলাদেশ। রনি তালুকদারের সাজঘরে ফেরার পর দলের হাল ধরেন ইমরুল কায়েস ফজলে মাহমুদ। সেই রানের ধারাবাহিকতা ধরে রাখতে না পারলেও পরে ঝড়ো ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। তার ৩৫ বলের ইনিংসে দুটি চার ও আটটি ছক্কার মার ছিল। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন ইমরুল কায়েস। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ২৭ রান করেন ফজলে মাহমুদ। অন্য কোনো ব্যাটার উল্লেখযোগ্য রান করতে পারেননি।
অজিদের ফাওয়াদ আহমেদ সর্বোচ্চ ২টি এবং বেন হিলফেনহাস, কেন রিচার্ডসন ও ডার্সি শর্ট একটি করে উইকেট নিয়েছেন।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার সর্বোচ্চ ৬৬ রান করেন। তার ইনিংসে বল খেলেছেন মাত্র ৩৮টি, সাতটি চারের সাথে ছক্কা হাঁকিয়েছেন চারটি। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ রান করেছেন কালাম ফার্গুসন। তার ৩৬ বলের ইনিংসে সাতটি চার ও দুটি ছক্কার মার ছিল। এছাড়া বেন ডাঙ্ক ২৪ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার এ ইনিংসে দুটি চার এবং চারটি ছক্কার মার ছিল।
বাংলাদেশের বোলারদের মধ্যে পেসার আবু জায়েদ রাহি সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন। দুটি উইকেট নিয়েছেন মিডিয়াম পেসার জিয়াউর রহমান। একটি উইকেট নিয়েছেন অপর পেসার রুবেল হোসেন।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



