লাওসে বাংলাদেশিদের নতুন শ্রমিক নিয়োগ ও ওয়ার্ক পারমিট স্থগিত – DesheBideshe

লাওসে বাংলাদেশিদের নতুন শ্রমিক নিয়োগ ও ওয়ার্ক পারমিট স্থগিত – DesheBideshe


লাওসে বাংলাদেশিদের নতুন শ্রমিক নিয়োগ ও ওয়ার্ক পারমিট স্থগিত – DesheBideshe
শ্রমিক নিয়োগ ও ওয়ার্ক পারমিট স্থগিত

ঢাকা, ০৬ অক্টোবর-বাংলাদেশি নাগরিকদের নতুন করে শ্রমিক হিসেবে নিয়োগ, ওয়ার্ক পারমিট অনুমোদন এবং শ্রমিক শ্রেণির প্রবেশ ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওস। দেশটির সিদ্ধান্ত অনুযায়ী, এই স্থগিতাদেশ ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

লাওসে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে ভুয়া চাকরির প্রস্তাব বা ভিসার প্রলোভনে পড়ে কাউকে অর্থ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় গত ৯ সেপ্টেম্বর একটি নির্দেশনা জারি করেছে। এতে বাংলাদেশি নাগরিকদের নতুন করে শ্রমিক হিসেবে নিয়োগের ক্ষেত্রে কোটা অনুমোদন, নিয়োগ প্রক্রিয়া এবং ওয়ার্ক পারমিট অনুমোদন সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানানো হয়।

একই নির্দেশনার আওতায় বাংলাদেশি নাগরিকদের জন্য শ্রমিক শ্রেণির ভিসা ইস্যুও বন্ধ রাখা হয়েছে। থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা ইস্যু স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে।

এই পরিস্থিতিতে লাওসে কাজের জন্য যাওয়ার ক্ষেত্রে সম্ভাব্য কর্মীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিশেষ করে ভুয়া ভিসা, কাল্পনিক চাকরির প্রস্তাব এবং অননুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রতারণার আশঙ্কা থাকায় সতর্ক থাকার কথা বলা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, কোনো চাকরির প্রস্তাব বা ভিসার বিষয়ে অর্থ প্রদান কিংবা অন্য কোনোভাবে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে সংশ্লিষ্ট সরকারি সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করা উচিত। অনুমোদিত নয়—এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের প্রক্রিয়া সম্পন্ন না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

লাওসের এই সাময়িক স্থগিতাদেশ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকার কথা রয়েছে। পরবর্তী সময়ে দেশটির সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার ভিত্তিতে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজারের পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য জানা যাবে।

এস এম/ ০৬ অক্টোবর ২০২৬

 

Scroll to Top