সাইফুল ইসলাম : মানিকগঞ্জে বাসের চাপায় বর্ষা (৪৫) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর এক সঙ্গী ও রিকশাচালক আহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার জাগীর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বর্ষা ও তাঁর এক সঙ্গী রিকশায় করে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে জাগীর এলাকার নিজ বাড়িতে ফিরছিলেন। তাঁরা জাগীর ব্রিজের ওপর উঠলে সেলফি পরিবহনের একটি বাস রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বর্ষার মৃত্যু হয়। তাঁর সঙ্গী ও রিকশাচালক আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা অভিমুখী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই বর্ষা নামে তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত বাস ও চালককে এখনো আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




