
ছবি: সংগৃহীত
দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতে মাঠে নামছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা। দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ, বিশেষায়িত, জেনারেল, জেলা ও উপজেলা হাসপাতাল পরিদর্শন ও মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের।
গত বুধবার ৩০ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন হাসপাতাল এবং জেলা ও বিভাগের হাসপাতাল তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো কোনো কর্মকর্তাকে একটি জেলার পাশাপাশি অন্য জেলার হাসপাতালের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট হাসপাতাল প্রধানের সঙ্গে সমন্বয় করে জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা তদারকি করবেন। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে আদেশে।
এ ছাড়া হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। হাজিরা সংক্রান্ত তথ্য ও প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।
স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখার জারি করা আদেশে দায়িত্বপ্রাপ্ত ৫৪ কর্মকর্তার নাম এবং কোন কর্মকর্তা কোন হাসপাতাল পরিদর্শন করবেন, তার বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

