ঢাকা, ০৩ অক্টোবর-জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিএনপি সরকার সবসময় তাদের পরিবারের পাশে থাকবে। একই সঙ্গে জুলাই আন্দোলনের শহীদদের পরিবার ন্যায়বিচার পাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
তিনি বলেন, ‘বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমন্বয় ছাড়া ৩৬ দিনের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান সফলভাবে সম্পন্ন হতো কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।’
শনিবার (৩ অক্টোবর) দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় রাশেদ খান শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন। পরে তিনি ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় স্থানীয় গণঅধিকার পরিষদের নেতা-কর্মী এবং বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
রাশেদ খান বলেন, ‘অনেক আগে থেকেই এ এলাকায় আসার ইচ্ছা ছিল। বিশেষ করে শহীদ ওয়াসিম আকরাম শহীদ হয়ে গোটা বাংলাদেশের মানুষকে সাহস জুগিয়েছেন। ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা আমার নৈতিক দায়িত্ব ছিল। এ পরিবার তাদের সন্তানকে হারিয়েছে। তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।’
তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানে বিএনপি ও ছাত্রদলের কোনো ভূমিকা নেই—এ ধরনের একটি মিথ্যা ও নেতিবাচক ধারণা জামায়াত ও এনসিপি প্রচার করার চেষ্টা করছে।’
রাশেদ খান আরও বলেন, ‘আপনারা জানেন, যেদিন রংপুরে আবু সাঈদ শহীদ হন, একই দিন একই সময়ে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন। শহীদ ওয়াসিমের প্রতি শ্রদ্ধা জানাতেই আমি কক্সবাজারে এসেছি।’
এস এম/ ০৩ অক্টোবর ২০২৬

