
ছবি: সংগৃহীত
বরিশালের উজিরপুরে চোর সন্দেহে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা বাবাকে চা-রুটি খাওয়ানোর ভিডিও ভাইরাল হওয়া শিশু তুবা আবার বিদ্যালয়ে ফিরেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উদ্যোগে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে তাকে বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।
তুবার পরিবার জানিয়েছে, নানা কারণে গত চার মাস ধরে বিদ্যালয়ে যেতে পারেনি সে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা উপজেলার বামরাইলে তুবার বাড়িতে যান। পরে তিনি নিজেই তুবাকে বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যান। সেখানে শিক্ষক ও সহপাঠীরা তাকে স্বাগত জানায়।
তুবার মা জান্নাতুল ফেরদৌস বলেন, তার মেয়ে বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নানা কারণে গত চার মাস ধরে তার স্কুলে যাওয়া বন্ধ ছিল। ইউএনওর সহযোগিতায় আবারও মেয়েটি বিদ্যালয়ে ফিরতে পেরেছে।
ইউএনও মো. আলী সুজা বলেন, এতদিন তুবা বিদ্যালয়ে যেতে পারেনি, বিষয়টি দুঃখজনক। তাই তিনি নিজেই তুবাকে বিদ্যালয়ে নিয়ে এসেছেন। তুবার পড়াশোনা যাতে আর বন্ধ না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
তিনি আরও জানান, তুবার বাবা অনিককে ইতোমধ্যে চিকিৎসার জন্য রিহ্যাবে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলে তাকে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তুবার পড়াশোনা অব্যাহত রাখার বিষয়টিও প্রশাসনের নজরদারিতে থাকবে।
গত ২৬ সেপ্টেম্বর উজিরপুরের বামরাইলে চুরির অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ ওঠে। ওই সময় হাত বাঁধা অবস্থায় বাবাকে চা-রুটি খাওয়ায় তার ৯ বছরের মেয়ে তুবা। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনার পর তুবার বাবাকে চিকিৎসার জন্য রিহ্যাবে পাঠানো হয়েছে। এবার প্রশাসনের উদ্যোগে তুবা আবারও বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফিরল।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

