নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ করায় এনসিপির এক নেতাকে মারধরের ঘটনায় সেই মাটি কাটা বন্ধ করে দেয় পুলিশ। এতে নড়েচড়ে বসেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এককভাবে নদী থেকে মাটি কাটা সম্ভব না হওয়ায় বুধবার দুপুরে বক্তাবলী ইউনিয়নের সিপাইপাড়া এলাকায় ৩নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাদির সিবিআইয়ের বাড়িতে বৈঠকের আয়োজন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বৈঠকে উপস্থিত হন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছামেদ আলী, ৬নং ওয়ার্ডের সম্পাদক হাসান আলী, বক্তাবলী ১নং ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি মান্নেক খান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মেসিসহ ১৪-১৫ জন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ বৈঠকে যোগ দেওয়ার কথা বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধানের।
এর আগেই নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি টিম কাদির সিবিআইয়ের বাড়িতে উপস্থিত হয়। এ সময় ডিবির সামনে পথরোধ করতে নারীদের পাঠিয়ে দিয়ে ছামেদ আলী নেতাকর্মীদের নিয়ে পালিয়ে যান।
ঘটনাস্থলে যাওয়া ডিবি পুলিশের একাধিক সূত্র জানায়, ছামেদ আলীসহ তার নেতাকর্মীদের চিনতে না পারায় তারা পালিয়ে গেছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ বিষয়ে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধান বলেন, আওয়ামী লীগ নেতার বাড়িতে আমার বৈঠক আছে-এটি সত্য নয়। কাদির সিবিআই ছাত্রলীগ করেছে, তা-ও জানা নেই।


