প্রতিষ্ঠার পর মাত্র সাড়ে তিন বছরেই প্রথাগত ব্যাংকিং কাঠামোর বাইরে গিয়ে নতুন এক পথ তৈরি করেছে সিটিজেন্স ব্যাংক পিএলসি। ২০২০ সালের ১৩ ডিসেম্বর প্রতিষ্ঠার পর ১৫ ডিসেম্বর লাইসেন্স পেয়ে ব্যাংকটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সততা, দলবদ্ধতা, সম্মান, জবাবদিহি ও সেবাকে প্রাধান্য দিয়েই কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিটিজেন্স ব্যাংক। খেলাপিমুক্ত ঋণ ব্যবস্থাপনা এবং আধুনিক ডিজিটাল সেবা বাড়ানোর সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ব্যাংকটি তাদের কার্যক্রম পরিচালনা করছে বলে জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন।
ব্যাংকটি জানায়, খুব অল্প সময়ের মধ্যেই তারা দেশজুড়ে ২২টি শাখা, ৮টি উপশাখা ও ৪টি ইসলামি ব্যাংকিং শাখার মাধ্যমে তাদের সেবা প্রান্তিক পর্যায়েও সম্প্রসারণ করেছে। বর্তমানে ব্যাংকটির মোট গ্রাহকসংখ্যা ৫০ হাজার ৫৫২, যার মধ্যে নারী গ্রাহকের হার ৩০ দশমিক ৭১ শতাংশ। ব্যাংকটির বর্তমান অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা। তাদের মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) ৩৩ দশমিক ৫৩ শতাংশ।

