রাশিয়ায় আতশবাজি কারখানায় আগুন, নিহত ১৪ – DesheBideshe

রাশিয়ায় আতশবাজি কারখানায় আগুন, নিহত ১৪ – DesheBideshe


রাশিয়ায় আতশবাজি কারখানায় আগুন, নিহত ১৪ – DesheBideshe
আতশবাজি কারখানায় আগুন

মস্কো, ২৯ সেপ্টেম্বর- রাশিয়ার ইয়ারোস্লাভল অঞ্চলে আতশবাজি তৈরির একটি কারখানায় ভয়াবহ আগুনে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আগুনে গুরুতর দগ্ধ আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) পেরেস্লাভল-জালেস্কি শহরের কাছে কুব্রিনস্ক গ্রামে এই দুর্ঘটনা ঘটে বলে জরুরি পরিষেবা সংস্থার সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, কারখানাটির দুটি ভবনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু হয়।

ইয়ারোস্লাভল অঞ্চলের গভর্নর মিখাইল এভরায়েভ জানিয়েছেন, দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনাস্থলে প্রায় ২০০ জন জরুরি উদ্ধারকর্মী দিনরাত কাজ করছেন। ধ্বংসস্তূপের মধ্যে আরও কেউ আটকা পড়েছেন কি না, তা খুঁজে দেখতে অভিযান চালানো হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন ইতোমধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে শিল্প নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগে ঘটনার তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ। এরই মধ্যে এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তদন্তে অগ্নিকাণ্ডের কারণ এবং কারখানাটিতে নিরাপত্তাবিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এস এম/ ২৯ সেপ্টেম্বর ২০২৬

 

Scroll to Top