সাইফুল ইসলাম: মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে গণধর্ষণের পর মরিচের গুড়া ছিটিয়ে দেয়ার অভিযোগে চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে আসামিদের মধ্যে চারজনই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রেজাউল করিম। এরআগে সোমবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিংগাইর উপজেলার কাপালিপাড়া গ্রামের মৃত সিলমত আলীর ছেলে ইয়াসিন (২১), গোবিন্দল তালতলা গ্রামের শাহানুর হোসেনের ছেলে শাহাদাত হোসেন (১৯), গোবিন্দল মোল্লাপাড়া গ্রামের হুরমুজ আলীর ছেলে লালন (২৬) এবং পারিল জৈল্যা গ্রামের কালামের ছেলে মাসুদ (২২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের ২৩ বছর বয়সী এক নারী তার স্বামীর সঙ্গে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে বাড়ির অদূরে একটি টিউবওয়েলের পাশে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে অনুসরণ করেন।
এজাহারে অভিযোগ করা হয়, ওই ব্যক্তিরা জোরপূর্বক ওই নারীকে ধরে মুখ চেপে ধরেন এবং ভয়ভীতি দেখিয়ে বাড়ির পূর্বদিকে নিয়ে যান। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে একটি নির্জন স্থানে নিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করেন। একপর্যায়ে তার হাত-পা বেঁধে এবং মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ঘটনাস্থলে ফেলে রেখে যান অভিযুক্তরা। পরে ওই নারীর চাচা-শ্বশুর তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ওই নারী বাদী হয়ে সিংগাইর থানায় অজ্ঞাতনামা পাঁচজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রেজাউল করিম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে এ পর্যন্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।




