
ছবি: বোতলে বন্দি রাসেল ভাইপার।
সন্তানকে সাপে কেটেছে এ কথা শুনলে সাধারণ অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু চাঁদপুর এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো, যেখানে রাসেল ভাইপারের কামড়ের পর ভয় না পেয়ে উল্টো সেই সাপটিকেই বোতলে বন্দি করে হাসপাতালে ছুটে গেছেন এক বাবা।
চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের শেখকান্দি গ্রামের মনির হোসেনের ছোট মেয়ে মরিয়ম। বাড়ির সামনে খেলার সময় হঠাৎ তার পায়ে দংশন করে একটি বিষধর রাসেল ভাইপার। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
তবে সময় নষ্ট না করে সাহসিকতার পরিচয় দেন বাবা মনির হোসেন। জঙ্গল থেকে সাপটিকে খুঁজে বের করে তিনি বোতলে বন্দি করেন। এরপর এক হাতে অসুস্থ সন্তান আর অন্য হাতে সেই বিষধর সাপ নিয়ে দ্রুত ছুটে যান প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে।
হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শিশুটিকে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া শুরু করেন চিকিৎসকরা। বর্তমানে মরিয়মের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও, রাসেল ভাইপারের দংশন হওয়ায় তাকে অন্তত ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিকিৎসকরা বলছেন, ওঝা বা সাপুড়ের কাছে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে আসায় বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে শিশুটি।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


