
ছবি: সংগৃহীত।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ইয়াবা ও ছিনতাই করা মালামাল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, রাজধানীর একটি এলাকা থেকে ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এর আগে, গত ৩০ আগস্ট নিহত রনজিনা পারভীনের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়।
গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা রিকশায় থাকা রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…