মেয়েদের এশিয়া কাপ ২০২৬

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টি ফাইনালে শ্রীলঙ্কার ওপেনার ইমেশা দুলানিকে আউট করার পর সাজঘরের পথ দেখিয়ে শাস্তির মুখে পড়েছেন ভারতীয় পেসার ক্রান্তি গৌড়। তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি শৃঙ্খলা ভঙ্গের দায়ে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে, যা ২৪ মাসের মধ্যে তার প্রথম অপরাধ।
বড় লক্ষ্যে ব্যাট করতে নামার পর শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ওভারে ব্যাটারকে আউট করার পর প্যাভিলিয়নের দিকে ইশারা করার ঘটনাটি ঘটে। আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা, যা অবমাননাকর বা আগ্রাসী প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। আইসিসি কোড অব কন্ডাক্ট-এর লেভেল ১-এর আর্টিকেল ২.৫ লঙ্ঘনের দায়ে তাকে এই শাস্তি দেয়া হয়েছে।
ম্যাচ রেফারি সুপ্রিয়া দাসের প্রস্তাবিত শাস্তির পর অপরাধ স্বীকার করে নেন ক্রান্তি গৌড়। লেভেল ১ লঙ্ঘনের সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার, সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট যোগ করা।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে স্লো ওভার রেটের কারণে পাকিস্তান দলের খেলোয়াড়দেরও ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করায় ম্যাচ রেফারি জি এস লক্ষ্মী এই জরিমানা করেন। আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…