ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন এবং তাঁকে ‘বীরত্বপূর্ণভাবে’ উপস্থাপনের সমালোচনা করেছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির অভিযোগ, এর মাধ্যমে পাকিস্তানপন্থী রাজনীতিকে আবার প্রাসঙ্গিক করার অপচেষ্টা চালানো হচ্ছে।
সোমবার রাত আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে নির্মাণাধীন ‘জুলাই নির্ভীক’ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রশক্তির নেতারা এ কথাগুলো বলেন।
সংবাদ সম্মেলনে ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরী বলেন, ‘শেরেবাংলা এ কে ফজলুল হক কিংবা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যোগেন মণ্ডল, মাওলানা ভাসানী কিংবা আবুল হাশিম—তাঁদের যখন জন্মদিন, মৃত্যুবার্ষিকী যায়, তখন কি আপনাদের (ডাকসুর) মনে থাকে না তাঁদের ছবি টাঙানো কিংবা তাঁদের স্মরণ করার কথা? কিন্তু ঠিকই ডাকসুতে জিন্নাহর ছবি টানিয়ে উদ্যাপন করা হয়।’ তিনি আরও বলেন, ‘যাঁরা এই মাটির জন্য, এই মানুষের জন্য, এই বাংলা ভূখণ্ডের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, তাঁদের নিয়ে ডাকসুকে কখনো কোনো আলোচনা সভা করতে আমরা দেখিনি।’