
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় রাফি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শনিবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান।
নিহত রাফি আকন খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে। সে স্থানীয় আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক
আল আমিন খান
বাগেরহাট প্রতিনিধি
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…