
তেহরান, ১২ সেপ্টেম্বর- হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ চলছে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে বলেছেন, মধ্যপ্রাচ্যে খবরদারি করার জন্য যুক্তরাষ্ট্রের মতো কোনো ‘আঞ্চলিক পুলিশের’ প্রয়োজন নেই।
ভারতে চলমান ব্রিকস সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, তাদের কোনো আঞ্চলিক পুলিশের প্রয়োজন নেই। তার মতে, এই অঞ্চলের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা কেবল এখানকার দেশগুলো এবং মূল খেলোয়াড়রাই নিশ্চিত করতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র হয়েছে। একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য ও মূল্যস্ফীতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এমন সংকটময় পরিস্থিতির মধ্যেই ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
একদিকে ইরান নিজেদের অঞ্চলের নিরাপত্তায় বাইরের হস্তক্ষেপ মেনে নিতে নারাজ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি নিয়ে অনেকটাই নির্ভার। হরমুজ প্রণালি দিয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে তিনি কোনো সহায়তা করতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সবকিছু এমনিতেই ঠিক হয়ে যাবে।
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের দ্রুত উত্থান এবং সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলার পর রিয়াদকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই ট্রাম্প ওই মন্তব্য করেন। আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ক্যাথরিন কনোলির সঙ্গে ডাবলিনে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট আবারও বলেন, সবকিছু একেবারে ঠিক হয়ে যাবে।
এস এম/ ১২ সেপ্টেম্বর ২০২৬
