
উর্দু সাহিত্যের বিশিষ্ট কবি এবং পুরান ঢাকার সমাজসেবক ও সংগঠক সৈয়দ তাকি মোহাম্মদ (বুড্ডান সাহেব) আর নেই।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টায় পুরান ঢাকার সাতরওজা মহল্লায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
তিনি স্ত্রী, পাঁচ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর পুরান ঢাকার হোসেনী দালান ইমামবাড়ায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সাতরওজার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
১৯৫০ সালের ১৪ জানুয়ারি পুরান ঢাকার সাতরওজা মহল্লায় এক মুঘল অভিজাত পরিবারে সৈয়দ তাকি মোহাম্মাদ জন্মগ্রহণ করেন। তাঁর পিতা নবাব সৈয়দ আলী মোহাম্মদ (ছোট্টন) ছিলেন ঢাকার বিশিষ্ট জমিদার।
সৈয়দ তাকি মোহাম্মদ বিভিন্ন সময়ে হোসেনী দালান ব্যবস্থাপনা কমিটির সদস্য, জাতীয় ওয়াকফ কমিটির পরিচালনা সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পুরান ঢাকায় মুঘল আমলে প্রতিষ্ঠিত মোহাম্মদী বেগ ইমামবাড়া ওয়াকফ এস্টেটের আমৃত্যু মোতাওয়াল্লীর দায়িত্ব পালন করেন।
মরহুমের কুলখানি আগামী ১৪ সেপ্টেম্বর বাদ মাগরিব পুরান ঢাকার হোসেনী দালানে এবং বাদ এশা সাতরওজা খাজা নেহাল মসজিদে অনুষ্ঠিত হবে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…