স্থানীয় বাসিন্দাদের দাবি, গত এক বছরে অন্তত দুটি শিশুকে ঘরে নিয়ে নানাভাবে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল আবু বক্করের বিরুদ্ধে। একটি শিশুর বয়স সাড়ে চার বছর। অন্য শিশুর বয়স সাত বছর। সামাজিক সমস্যার কথা বিবেচনায় এনে আগের কোনো ঘটনায় পুলিশে অভিযোগ করা হয়নি। একজন অভিভাবক মৌখিকভাবে সতর্ক করেছেন। আরেকজন অভিভাবক ঘরে গিয়ে আবু বক্করকে মারধর করে আসেন।
শিশুটির মামা বলেন, ‘কিছুদিন পরপর প্রতিবেশী শিশুরা আবু বক্করের হাতে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে, অথচ বারবার পার পেয়ে যাচ্ছে। আমরা মনে করেছি, এবার আর ছাড় দেওয়া যাবে না। ছাড় পেলে হয়তো পরদিন অন্য কোনো শিশুর গায়ে হাত দেবে। এ কারণে মামলা করা হয়েছে।’
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, প্রতিবেশীরা জানিয়েছেন, আবু বক্কর কিছুদিন পরপর শিশুদের ডেকে নিয়ে আদরের ছলে যৌন নির্যাতন করেন। আদর করাই তাঁর কৌশল। শিশুদের বিষয়ে তাঁর স্বভাব খারাপ হয়ে গেছে বলে এলাকাবাসীর অভিযোগ।