
কাউন্টি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বিভাগে তলানিতে থাকা দুদল ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ার লড়ছে নিজেদের তৃতীয় জয়ের লক্ষ্যে। চারদিনের ম্যাচে তিনদিনই ভালো অবস্থানে ছিল গ্লস্টারশায়ার। তখনই দিনের শেষে জ্বলে উঠেছেন রকি ফ্লিনটফ। যিনি ইংল্যান্ডের কিংবদন্তি সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের ছোট ছেলে।
ফ্লিনটফ নিজের ৮তম প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ফিফটি তুলে নিয়েছেন। তাতে ম্যাচে টিকে আছে ল্যাঙ্কাশায়ার। দ্বিতীয় ইনিংসে গ্লস্টারশায়ারের ছুঁড়ে দেয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে বেশ চাপে পড়েছিল তার দল। প্রথমে ২৫ রানে ৩ এবং পরে ৬৪ রানে ৫ উইকেট হারায় তারা। তখনই ১৮ বর্ষী রকি ফ্লিনটফ ক্রিজে নামেন।
তৃতীয় দিনে ওয়ানডে ধাঁচে ব্যাট চালান ফ্লিনটফ। দিন শেষে ৬৬ বলে ৯ চার ও ১ ছক্কায় অপরাজিত ৫৭ রান করেছেন। স্ট্রাইকরেট ৮৬.৩৬ রান। ৫৭ বলে নিজের প্রথম চ্যাম্পিয়নশিপ ফিফটির দেখা পান।
বৃষ্টির কারণে এদিন খেলা নির্ধারিত সময়ের কিছুটা আগে শেষ হয়। ৬ উইকেট হাতে রেখে ১২০ রানে চতুর্থ দিন শুরু করবে ল্যাঙ্কাশায়ার। জয়ের জন্য প্রয়োজন ১২৮ রান।
এরআগে অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে মাত্র ১৬ বছর বয়েসে প্রথম সেঞ্চুরি করেছিলেন। ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় একাদশের হয়ে তিনি প্রথম শতরানটি করেছিলেন। এরপর ডাক পান ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলে। সেসময়ে পেশাদার চুক্তিতে ল্যাঙ্কাশায়ারে যোগ দেন।
১৬ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে যুব টেস্টে ১০৬ রানের ইনিংস খেলেছিলেন ফ্লিনটফ। ইংল্যান্ডের যুব দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির কীর্তি যেটি। এরপর বাবা অ্যান্ড্রুর অধীনে ইংল্যান্ড ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যান। সেখানেও সেঞ্চুরি করেন।
সবশেষে চলতি বছরের আগস্টে ওয়ান-ডে কাপে সমারসেটের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের হয়ে ৭৬ বলে ১২৩ রানের একটি ইনিংস খেলেছেন রকি ফ্লিনটফ।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…