উজবেকিস্তানের কাছে হার দিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

ছেলেদের এএফসি এশিয়ান কাপ ফুটবল অনূর্ধ্ব-২০ বাছাই আসরে উজবেকিস্তানের কাছে হার দিয়ে শুরু করল বাংলাদেশ। তাসখন্দে বাংলাদেশ হেরেছে ২-০ গোলে। পুরো ম্যাচে উজবেকিস্তানের সাথে প্রতিযোগিতা গড়তে পারেনি জেরার্ড জোন্সের শিষ্যরা। 

এশিয়ান কাপের বাছাইপর্ব দিয়ে বাংলাদেশ জার্সিতে অভিষেক হল বংশোদ্ভূত দুজন, মাহি খান ও জিদান আলেক্সান্ডার ইউসুফের, তারা শুরুর একাদশে ছিলেন। বিরতির আগে অভিষেক হয় আরও দুই বংশোদ্ভূত ফরোয়ার্ড অ্যাডাম আব্বাস ও এহসান মালিকের।

খেলা শুরুর পর থেকে বাংলাদেশের উপর চাপ জারি রাখে উজবেকিস্তান। প্রথম পাঁচ মিনিটের মধ্যে সরাসরি গোলমুখে শট নিতে না পারলেও দুটি কর্নার আদায় করে নেয় তারা। ১৫ মিনিটে রাইট কর্নার দিয়ে আসা উজবেকদের দুর্দান্ত একটি শট ঠেকিয়ে দেন গোলকিপার রাজ। ১৭ মিনিটে বাংলাদেশ প্রথম আক্রমণ করে, সফলতার মুখ দেখেনি। প্রথম থেকে উজবেকিস্তানের গতির কাছে পেরে ওঠেনি বাংলাদেশ।

বাংলাদেশ প্রথম গোল হজম করে ১৯ মিনিটে, রাইট উইংয়ের আক্রমণ থেকে। গোল করে স্বাগতিকরা ১-০তে এগিয়ে যায়। প্রথম গোল হজম করে কোচ জেরার্ড জোন্স দুই পরিবর্তন করেন ২৩ মিনিটের সময়। নামেন অ্যাডাম আব্বাস ও এহসান মালিক। দুই পরিবর্তনে বাংলাদেশের খেলার ধরনে, বল দখলে কিছুটা পরিবর্তন আসে। আধা ঘণ্টায় উজবেকিস্তান ৩১টি শট নিলেও বাংলাদেশ কোন শট নিতে পারেনি।

৩৯ মিনিটে আরও একটি নিশ্চিত গোলের সুযোগ পায় উজবেকিস্তান, আটকে দেন গোলকিপার রাজ। এরপর আরও কিছু সুযোগ আসে উজবেকিস্তানের সামনে। প্রথমার্ধে বাংলাদেশ ওই ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায়।

বিরতি থেকে ফিরে আরও এগিয়ে যায় উজবেকিস্তান। ৪৬ মিনিটে গোল করেন আবরায়েভ, ২-০তে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের দ্বিতীয় গোল হজমের পর বাংলাদেশও কিছু সুযোগ তৈরি করেছিল। সেগুলো থেকে কোন সুবিধা তুলতে পারেনি। ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে শেষঅবধি।

Scroll to Top