চলতি বছর ভারতীয় বক্স অফিসে মুক্তি পেয়েছে একঝাঁক বিগ বাজেটের সিনেমা। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ধুরন্ধর ২’, ‘আওয়ারাপন ২’, ‘টক্সিক’ ও ‘পেড্ডি’র মত সিনেমা। অথচ বক্স অফিসে বিগ বাজেটের এই একাধিক ছবিকে পিছনে ফেলে ২০২৬ সালের ভারতের সবচেয়ে লাভজনক ছবি হয়ে উঠেছে একটি আধ্যাত্মিক ছবি।
যেখানে নেই কোন বড় তারকা, নেই কোন প্রচারের জাঁকজমকতা, বাজেটও নামমাত্র। সেই সিনেমার নাম ‘হনুমান অংশ’। মাত্র ২ কোটি টাকা খরচ করে তৈরি এই ছবি ইতিমধ্যেই ৪২ কোটি টাকার বেশি নেট ব্যবসা করে ফেলেছে। অর্থাৎ, প্রযোজনার খরচের তুলনায় ছবিটির আয় ইতিমধ্যেই ২০ গুণেরও বেশি।
ছবিটির সাফল্য আরও চমকপ্রদ হয়ে ওঠে যখন তুলনা আসে ‘ধুরন্ধর ২’, ‘আওয়ারাপন ২’, ‘টক্সিক’ কিংবা ‘পেড্ডি’র মতো বড় ছবির সঙ্গে। কারণ বক্স অফিসে মোট টাকার অঙ্কে কোন ছবির সাফল্য বিচার করা আর বিনিয়োগের তুলনায় লাভের হিসাব করা দুইটা সম্পূর্ণ আলাদা বিষয়। আর দ্বিতীয় হিসাবেই ২০২৬ সালে বড় চমক দিয়েছে ‘হনুমান অংশ’।
‘হনুমান অংশ’ মূলত আধ্যাত্মিক নেতা নিম করোলি বাবার জীবন ও দর্শনকে কেন্দ্র করে তৈরি। ছবির গল্পে উঠে এসেছে লক্ষ্মণ দাসের জীবন এবং কীভাবে তার আধ্যাত্মিক যাত্রা তাকে পরবর্তীকালে নিম করোলি বাবা হিসেবে পরিচিত করে তোলে।
মাত্র ১৩ বছর বয়স থেকে তার জীবনের পথচলা এবং ধীরে ধীরে মানুষের কাছে শ্রদ্ধেয় আধ্যাত্মিক ব্যক্তিত্ব হয়ে ওঠার কাহিনিই ছবির মূল বিষয়।
২০২৬ সালে বড় বক্স অফিস সাফল্যের অন্যতম নাম ‘ধুরন্ধর ২’। ছবিটির বাজেট ছিল প্রায় ১২৫ কোটি টাকা এবং সেই তুলনায় এর লাভের হার প্রায় ১০০০ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।
মোট ব্যবসার দিক থেকে বড় ছবি হলেও বিনিয়োগের তুলনায় লাভের শতাংশে ‘হনুমান অংশ’ এগিয়ে রয়েছে। একইভাবে ‘আওয়ারাপন ২’ প্রায় ৩০ কোটি টাকা বাজেটে তৈরি হয়ে বক্স অফিস থেকে প্রায় ৪৫০ শতাংশ লাভ করেছে বলে হিসাব দেওয়া হয়েছে। সেখানেই মাত্র ২ কোটি টাকার ‘হনুমান অংশ’-এর প্রায় ২০০০ শতাংশ লাভ ছবিটিকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে।


