
মুম্বাই, ৩০ আগস্ট – বিনোদন জগতের ব্যস্ততার মাঝে অনাকাঙ্ক্ষিত শারীরিক চোট অনেক সময় তারকাদের ছন্দপতন ঘটায়। ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাও সম্প্রতি এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। আসন্ন চলচ্চিত্র মাইসার দৃশ্যধারণের সময় হিপ ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন এই তারকা।
চিকিৎসকের পরামর্শে দীর্ঘ কয়েকদিন তাকে অভিনয় জগত থেকে বাধ্যতামূলক বিরতিতে থাকতে হয়েছে। তবে ভক্তদের জন্য সুখবর হলো সব জল্পনা কাটিয়ে আবারও কাজে ফেরার ঘোষণা দিয়েছেন রাশমিকা। যদিও এই ফেরার আনন্দের মাঝে কিছুটা বিষণ্ণতাও কাজ করছে তার মনে।
বিরতির এই দিনগুলোতে তিনি পরিবারের সাথে নিবিড় সময় কাটিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেই ঘরোয়া মুহূর্তগুলোর বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে তাকে পূজা অর্চনা করা, পোষা কুকুরের সঙ্গে খেলা করা এবং বাগানে সময় কাটাতে দেখা গেছে।
স্মৃতিময় এই দিনগুলোর কোলাজ শেয়ার করে ক্যাপশনে রাশমিকা লিখেছেন তিনি খুব দ্রুতই শুটিং সেটে ফিরছেন। তবে ফেলে আসা এই ঘরোয়া দিনগুলোকে তিনি বেশ অনুভব করবেন।
ইনজুরিতে পড়ার আগে তিনি বেশ কিছু বড় প্রকল্পের কাজে ব্যস্ত ছিলেন। তার মধ্যে অন্যতম হলো মাইসা। গন্ড উপজাতির জীবনধারা নিয়ে নির্মিত এই অ্যাকশন থ্রিলারে তাকে একজন সাহসী উপজাতীয় নারীর চরিত্রে দেখা যাবে।
এছাড়া রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত রণবালী সিনেমায় তাকে দেখা যাবে বিজয়ের বিপরীতে। ব্রিটিশ আমলের প্রেক্ষাপটে নির্মিত এই তেলুগু সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এনএন/ ৩০ আগস্ট ২০২৬


