ফরিদপুরের ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী যুবক নিহত – DesheBideshe



ফরিদপুর, ২৯ আগস্ট – ফরিদপুরের ভাঙ্গায় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চয়ন মোল্লা নামে এক সৌদি আরব প্রবাসী যুবক নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত চয়ন মোল্লা ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামের দলিল উদ্দিন মন্ডলের বড় ছেলে। তিনি গত ঈদুল আযহার ছুটিতে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা একই গ্রামের সিয়াম ও নয়ন নামের দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হাইওয়ে পুলিশ জানায়, শনিবার বিকেলে চয়ন তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বর এলাকা ঘুরতে যান। বাড়ি ফেরার পথে নওপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চয়নের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত অজ্ঞাত বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এনএন/ ২৯ আগস্ট ২০২৬



Scroll to Top