বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমী এক সাংস্কৃতিক সন্ধ্যা। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় জলতরঙ্গ আয়োজিত ‘কফি হাউসের আড্ডায়’ শীর্ষক অনুষ্ঠানে একই পরিবারের তিন সদস্য শাহরিভার, তানভীরা ও জাকির—পরিবেশন করেন বাংলা গানের স্বর্ণযুগের বেশ কিছু কালজয়ী গান।
অনুষ্ঠানে শিল্পীরা গেয়ে শোনান বাংলায় রচিত মেলোডিনির্ভর জনপ্রিয় গান। এর মধ্যে ছিল ‘জয় হোক জয় হোক শান্তির জয় হোক’, ‘কেন দূরে থাকো শুধু’, ‘শোনো কোনো একদিন’, ‘ও মোর ময়না গো’, ‘ওগো মোর মধুমিতা’, ‘মনে পড়ে রুবী রায়’, ‘ও কেন এত সুন্দরী হল’ এবং ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’সহ বেশ কিছু কালজয়ী গান।
কণ্ঠসংগীতের পাশাপাশি বাবা-মায়ের সঙ্গে গিটারে সহযোগিতা করেন তাদের সন্তান শাহরিভার হোসেন (ঋভু)। পরিবারের তিন সদস্যের সম্মিলিত পরিবেশনা অনুষ্ঠানে তৈরি করে বিশেষ আবহ।
অনুষ্ঠানের শুরুতেই জলতরঙ্গের শিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশিত হয় কাজী নজরুল ইসলামের ‘জয় হোক জয় হোক’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আলোকের এই ঝর্ণাধারায়’ গান দুটি।
এর আগে বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হয় সিঙ্গারা, বিস্কিট ও কফি পর্ব। এরপর নির্ধারিত সময় সন্ধ্যা ৭টায় শুরু হয় মূল আয়োজন। অনুষ্ঠানে মিলনায়তন ছিল দর্শক-শ্রোতায় পূর্ণ। উপস্থিত শ্রোতারা বাংলা গানের এমন আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং নিয়মিত এ ধরনের আয়োজন করার প্রত্যাশা জানান।
জলতরঙ্গের সাধারণ সম্পাদক জাকির হোসেন তপন বলেন, “বাংলা গানের স্বর্ণযুগকে নতুন করে শ্রোতা মহলে পৌঁছে দিতে জলতরঙ্গ সব সময় যত্নশীল।”
কালজয়ী বাংলা গানের সুর, পারিবারিক পরিবেশনা এবং শ্রোতাদের অংশগ্রহণে ‘কফি হাউসের আড্ডায়’ হয়ে ওঠে স্মৃতিময় এক সাংস্কৃতিক সন্ধ্যা।