ওআইসির নতুন মহাসচিব নির্বাচিত হলেন ইসমাইল উলদ শেখ আহমেদ – DesheBideshe



জেদ্দা, ২৯ আগস্ট – ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অভিজ্ঞ কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ। বৃহস্পতিবার জেদ্দায় ওআইসি সদর দপ্তরে আয়োজিত সংস্থার সদস্য ৫৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ২৩তম বিশেষ অধিবেশনে তাকে এই পদে নির্বাচিত করা হয়।

তিনি বর্তমান মহাসচিব হিসেইন ব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। নবনির্বাচিত মহাসচিব তার ভাষণে সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা আমাকে যেভাবে নির্বাচিত করেছেন তা আমার কর্মজীবনের সবচেয়ে বড় সম্মান।

তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে সেবা দেওয়ার পর এটি আমার অর্জিত সর্বোচ্চ স্বীকৃতি। তিনি মুসলিম উম্মাহর প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ইসমাইল উলদ শেখ আহমেদ ফিলিস্তিন ইস্যুকে ওআইসির অগ্রাধিকারের শীর্ষে রাখার ঘোষণা দিয়েছেন। তিনি জানান যে রাজনৈতিক, মানবিক ও সাংস্কৃতিক দিক থেকে ফিলিস্তিন সংকট নিরসনই হবে সংস্থার আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। এছাড়া তিনি ইসলাম বিদ্বেষ মোকাবিলা, মুসলমানদের প্রতি ঘৃণাসূচক বক্তব্য প্রতিরোধ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে জোরালো অংশীদারত্ব গড়ে তোলার অঙ্গীকার করেন।

৬৬ বছর বয়সী এই কূটনীতিক ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এর আগে তিনি ইয়েমেন, লিবিয়া ও সিরিয়ায় জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং মহাসচিবের বিশেষ দূত হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

এনএন/ ২৯ আগস্ট ২০২৬



Scroll to Top