
ঢাকা, ২৮ আগস্ট – কাতারের সঙ্গে জ্বালানি ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সৌদি আরবের জেদ্দায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ২৩তম জরুরি সভার সাইডলাইনে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সামুদ্রিক যোগাযোগ স্বাভাবিক হওয়া এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার পর বাংলাদেশে এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার জন্য কাতারের প্রতি বিশেষ অনুরোধ জানান প্রতিমন্ত্রী।
আলোচনাকালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে এবং মধ্যস্থতা প্রচেষ্টায় কাতারের ভূমিকার প্রতি বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সমর্থন ব্যক্ত করা হয়। প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আঞ্চলিক শান্তি, সংলাপ এবং স্থিতিশীলতা বজায় রাখতে কাতারের গঠনমূলক পদক্ষেপের প্রশংসা করেন।
অন্যদিকে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জ্বালানি খাতে দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও বিস্তৃত করার বিষয়ে কাতারের আগ্রহের কথা তুলে ধরেন। বৈঠকে উভয় দেশের বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এস এম/ ২৮ আগস্ট ২০২৬


