
দিল্লি, ২৮ আগস্ট – ভারতের বাংলাদেশ সফর নিয়ে নতুন সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী আগামী বছরের জানুয়ারিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই সিরিজের নির্ধারিত সূচি থাকলেও তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়।
এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি আগামী বছরের শুরুর দিকে একটি উপযুক্ত সময়ের জন্য অনুরোধ জানিয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে যে ভারত এবং বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে এ বিষয়ে দেশটির সরকারের সঙ্গে এখনো আলোচনা চলমান রয়েছে। অন্যদিকে বিসিবিও বছরের শুরুর দিকে একটি সুবিধাজনক সময় বের করার চেষ্টা করছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের আগস্টে ভারতের বাংলাদেশে আসার কথা ছিল। পরে সেই সূচি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে নেওয়া হয়।
তবে চলতি বছরের জানুয়ারি মাসে বিসিবি জানিয়েছিল যে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে ভারত দল ঢাকা ও চট্টগ্রামে আসবে। যদিও বিসিসিআই এখনো এই সফরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
বিসিবি ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সিরিজটি আয়োজনের একটি সময় নির্ধারণ করে রেখেছিল। কিন্তু একই সময়ে ভারতের বিপক্ষে আফগানিস্তানের তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার সূচি থাকায় বিষয়টিতে পরিবর্তন আসার সম্ভাবনা দেখা দিয়েছে।
এস এম/ ২৮ আগস্ট ২০২৬


