ভারী বৃষ্টি, বজ্রঝড় ও আকস্মিক বন্যার আশঙ্কায় সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। সতর্কবার্তায় বজ্রপাত, শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাসের পাশাপাশি কিছু এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার ২৭ আগস্ট দৈনিক পূর্বাভাসে জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, জাজান, আসির, আল বাহা, মক্কা ও মদিনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। সঙ্গে শিলাবৃষ্টি এবং ধুলা-বালু উড়িয়ে নেওয়া শক্তিশালী বাতাসও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
মক্কা অঞ্চলের তাইফ, আল কামিল, আদহাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মদিনার আল আইস, আল মাহদ, বদর ও পার্শ্ববর্তী এলাকায় মাঝারি বৃষ্টির সতর্কতায় কমলা অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া রাবিঘ, জেদ্দা, আল খুরমাহসহ মক্কার আরও কিছু এলাকায় হালকা বৃষ্টি ও ধুলিঝড়ের আশঙ্কায় হলুদ সতর্কতা জারি রয়েছে।
আবহাওয়া কেন্দ্র আরও জানিয়েছে, উত্তর সীমান্ত অঞ্চল ও জাজানের কিছু এলাকা, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং রিয়াদ অঞ্চলের দক্ষিণ অংশে বজ্রসহ বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। শক্তিশালী বাতাসের কারণে এসব এলাকায় আবহাওয়া আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। অন্যদিকে পূর্ব সৌদি আরবের উপকূলীয় এলাকায় রাত ও ভোরের দিকে কুয়াশা পড়তে পারে। এতে কিছু এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রার পারদ থাকবে চড়া। মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস, দাম্মামে ৪৬ এবং রিয়াদ ও বুরাইদাহতে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।