বাংলাদেশে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বিরোধী দলের একজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, “শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়।” এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ঘিরে ব্যাপক হট্টগোল শুরু হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার প্রসঙ্গে একটি প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরই হট্টগোল শুরু করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
এসময় জাতীয় সংসদের স্পিকার তাদের বারবার বসতে বললেও তারা হট্টগোল চালিয়ে যান। এমন পরিস্থিতির মধ্যেই নিজের বক্তব্য শেষ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পরে এ নিয়ে কথা বলেন বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সংসদ অধিবেশনে তুচ্ছ, তাচ্ছিল্য করে কথা বলার অভিযোগ তোলেন তিনি।
তিনি আরও বলেন, “উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) নিজেকে কী মনে করেন?”
এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে অসংসদীয় কিছু থাকলে পরবর্তীতে তার বক্তব্য এক্সপাঞ্জ করা হবে বলে স্পিকার আশ্বাস দেন।
তবে বিরোধী দলীয় নেতা বলেন, “সংসদের সৌন্দর্য ঠিক রাখতে ওনাকে দুঃখ প্রকাশ করতে হবে। ওনার কথা এক্সপাঞ্জ করতে হবে। তা না হলে আমরা এখানে বসবো না।”
পরে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এসময় তার একটি বক্তব্য নিয়েও আপত্তি জানান বিরোধী দলের নেতা।