রোগীর যত্ন ও সুস্থতায় পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে জনসচেতনতা বাড়াতে যৌথভাবে কাজ করবে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘নূরা হেলথ’ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
বৃহস্পতিবার ২৭ আগস্ট চ্যানেল আইয়ের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও নির্বাহী পরিচালক এস এম হারুন-অর-রশীদ এবং নূরা হেলথ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হোসনে আরা খন্দকার।
অনুষ্ঠানে চ্যানেল আইয়ের প্রোগ্রাম অ্যান্ড কমিউনিকেশন কো-অর্ডিনেটর স্বপ্না রেজা, নূরা হেলথ বাংলাদেশের কমিউনিকেশন অ্যান্ড প্রোগ্রাম ডিজাইন লিড ওয়াহিদা জামান শিথিসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতার আওতায় পরিবার পরিচর্যা বা ফ্যামিলি কেয়ারগিভিংকে স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। এসব উদ্যোগে পরিবার পরিচর্যাকারী, স্বাস্থ্যকর্মী ও নীতিনির্ধারকদের অংশগ্রহণ থাকবে।
আয়োজকদের মতে, রোগীর সুস্থতা ও চিকিৎসা ব্যবস্থাপনায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও অনেক সময় তা যথাযথভাবে গুরুত্ব পায় না। তাই পরিবার পরিচর্যা কী, রোগীর জন্য এর গুরুত্ব কতটা এবং পরিবারের সদস্যরা কীভাবে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ভূমিকা রাখেন, এসব বিষয় জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তুলে ধরা হবে।
নূরা হেলথ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হোসনে আরা খন্দকার বলেন, পরিবারের সদস্যরা স্বাস্থ্যসেবা ব্যবস্থার অপরিহার্য অংশ। প্রিয়জনের অসুস্থতা মোকাবিলা, সুস্থতার পথে সহায়তা করা এবং চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে পরিবারের সদস্যরা প্রতিনিয়ত ভূমিকা রাখেন।
তিনি বলেন, এই সমঝোতার মাধ্যমে স্বাস্থ্যসেবায় পরিবারের গুরুত্বপূর্ণ অবদানকে আরও দৃশ্যমান করা এবং যথাযথ স্বীকৃতি দেওয়ার বিষয়ে জনসচেতনতা তৈরি হবে।