দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের দায়িত্ব ছাড়ছেন সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। নতুন দায়িত্বে বিসিবির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের ভূমিকায় দেখা যাবে তাকে।
২০০৫ সাল থেকে বিসিবির সঙ্গে যুক্ত রাবিদ নতুন দায়িত্বে বিসিবির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বা এজিএম হিসেবে কাজ করবেন। মূলত বোর্ডের হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগের দায়িত্ব সামলাবেন তিনি। দেশের ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী করা হবে তার অন্যতম প্রধান কাজ।
নতুন দায়িত্ব নিয়ে চ্যানেল আইকে রাবিদ বলেছেন, ‘আগেই চিঠি পেয়েছি। খুব শিগগিরই কাজ শুরু করবো। আমার দায়িত্ব থাকবে হাই-পারফরম্যান্স ইউনিটে। তবে মিডিয়া ম্যানেজার হিসেবে নতুন কাউকে দায়িত্ব না দেয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করবো। শিগগিরই নতুন কাউকে দায়িত্ব দেয়া হবে।’