ঢাকার বিদ্যুৎ সাশ্রয় করে গ্রামে সরবরাহের উদ্যোগ বিদ্যুৎ বিভাগের – DesheBideshe



ঢাকা, ২৫ আগস্ট – জ্বালানি সংকট, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি এবং সঞ্চালন গ্রিডের সীমাবদ্ধতার কারণে দেশে বর্তমানে লোডশেডিং পরিস্থিতি তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলায় ঢাকার বিদ্যুৎ সাশ্রয় করে তা গ্রামাঞ্চলে সরবরাহের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিদ্যুৎ বিভাগ জানায়, বর্তমানে দেশে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকা সত্ত্বেও জ্বালানির ঘাটতি এবং বিভিন্ন কেন্দ্রের রক্ষণাবেক্ষণ কাজের ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি ক্রমবর্ধমান চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।

ঢাকার দুই বিতরণ সংস্থা ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় পরিকল্পিতভাবে লোডশেডিং সমন্বয় করা হচ্ছে যাতে গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে না হয়। এই সমন্বয়ের ফলে ঢাকার বাইরে শিল্প কারখানা এবং গুরুত্বপূর্ণ গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি কিছুটা উন্নত হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের দাবি, এই প্রক্রিয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিংয়ের বোঝা সুষমভাবে বণ্টন করা সম্ভব হচ্ছে। জ্বালানি সরবরাহ বৃদ্ধি এবং গ্রিডের কারিগরি সীমাবদ্ধতা দূর করা গেলে খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এনএন/ ২৫ আগস্ট ২০২৬



Scroll to Top