
নয়াদিল্লি, ২৫ আগস্ট – মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট)-এর প্রশ্নফাঁস ইস্যুতে ভারতের দিল্লিতে নতুন করে আন্দোলনের ডাক দিয়েছে ব্যঙ্গাত্মক রাজনৈতিক গোষ্ঠী ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ার অভিযোগ তুলে আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে একটি শান্তিপূর্ণ পদযাত্রা করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
ইন্সটাগ্রামভিত্তিক এই গোষ্ঠীটি সম্প্রতি এক বিবৃতিতে জানায়, ৫ সেপ্টেম্বরের পদযাত্রাটি দিল্লির ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে পুলিশ সদর দপ্তরে গিয়ে শেষ হবে।
এর আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আন্দোলন করেছিল তারা। মন্ত্রীর পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার করা হলেও এখন সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠছে।
সিজেপির প্রধান দাবিগুলোর মধ্যে ছিল নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা আইনি ব্যবস্থা প্রত্যাহার করা।
গত ২৫ জুলাই সরকারের পক্ষ থেকে এসব দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে দাবি করছে গোষ্ঠীটি।
সংগঠনটির জাতীয় কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে জানানো হয়, সরকার আন্দোলনের সময় দেওয়া লিখিত নিশ্চয়তা এবং মামলা প্রত্যাহারের তালিকা প্রদানে গড়িমসি করছে। বিশেষ করে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী এফআইআরের তালিকা জমা না দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেতারা।
আগামী ৫ সেপ্টেম্বরের এই কর্মসূচিতে নিহত পরীক্ষার্থীদের অভিভাবকরা নেতৃত্ব দেবেন। এতে শিক্ষার্থী ও বিভিন্ন যুব সংগঠনের সদস্যদের বড় পরিসরে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি।
গত মাসের আন্দোলনে দিল্লি পুলিশের লাঠিচার্জের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল, যা শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে শান্ত হয়। তবে নতুন এই কর্মসূচির ফলে দিল্লির রাজপথে আবারও উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে।
এনএন/ ২৫ আগস্ট ২০২৬


