প্রধানমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন – DesheBideshe



কক্সবাজার, ২৪ আগস্ট – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, আগামী অক্টোবর মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সোমবার বাংলাদেশ সচিবালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের সদস্যদের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ইতোমধ্যে এই বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে।

কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রসঙ্গে মন্ত্রী জানান, ডিসেম্বরে টার্মিনালটি চালু করার লক্ষ্য নিয়ে সরকার প্রস্তুতি নিচ্ছে।

এই টার্মিনাল নির্মাণ ও পরিচালনার বিষয়ে আগামী মাসে একটি জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি সই হবে। টার্মিনালটি পুরোদমে চালু হলে যাত্রীসেবার মান ও বিমানবন্দরের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার এবং সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবনিযুক্ত মন্ত্রীকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এস এম/ ২৪ আগস্ট ২০২৬



Scroll to Top