এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের – DesheBideshe



ওয়াশিংটন, ২৪ আগস্ট – দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসার ফি অস্বাভাবিকভাবে বাড়ানোর প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন এই প্রস্তাবনা অনুযায়ী আবেদনকারীকে ১ লাখ ডলারের বেশি ফি প্রদান করতে হতে পারে। গত বছর এই ফি কার্যকরের চেষ্টা করা হলেও আদালতের নির্দেশে তা স্থগিত হয়ে গিয়েছিল।

সোমবার ফেডারেল রেজিস্টারের মাধ্যমে ট্রাম্প প্রশাসন পুনরায় এই সংক্রান্ত বিধিমালা প্রকাশের উদ্যোগ নিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই ভিসার জন্য ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলার ফি নির্ধারণের প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার এটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে ৩০ দিনের একটি সময়সীমা শুরু হবে যেখানে নাগরিকরা তাদের মতামত জানাতে পারবেন। চলতি বছরের শেষ নাগাদ এই নিয়ম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাধারণত এইচ-১বি ভিসার জন্য ২ হাজার থেকে ৫ হাজার ডলার ফি নেওয়া হতো। নতুন এই সিদ্ধান্তের ফলে প্রযুক্তি, শিক্ষা ও গবেষণা খাতে ভিসা পাওয়ার ব্যয় কয়েক গুণ বেড়ে যাবে। যুক্তরাষ্ট্রে প্রতি বছর ৬৫ হাজার সাধারণ এবং উচ্চতর ডিগ্রিধারীদের জন্য আরও ২০ হাজার এইচ-১বি ভিসা ইস্যু করা হয়।

ট্রাম্প প্রশাসনের দাবি অনেক প্রতিষ্ঠান কম বেতনে বিদেশি কর্মী নিয়োগ করে মার্কিন নাগরিকদের কর্মসংস্থান নষ্ট করছে। তবে ব্যবসায়ী সংগঠনগুলো এই যুক্তির বিরোধিতা করে বলছে মেধা আকর্ষণের জন্য এই ভিসা কর্মসূচি গুরুত্বপূর্ণ।

এদিকে ট্রাম্পের এই অভিবাসন নীতির কারণে এইচ-১বি ভিসার আবেদনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

ইউএসসিআইএসের তথ্য অনুযায়ী গত বছর আবেদনের সংখ্যা ছিল প্রায় ৩ লাখ ৪৪ হাজার যা আগের বছরের তুলনায় অর্ধেকেরও কম। ইউএস চেম্বার অব কমার্সসহ বিভিন্ন পক্ষ এই ফি বৃদ্ধির বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।

এনএন/ ২৪ আগস্ট ২০২৬



Scroll to Top