মাত্র ১৯ বছর বয়সেই মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট জিতে বিজয়ী হলেন কেরালার কাজিয়া লিজ মেজো। রবিবার (২৩ আগস্ট) রাজস্থানের জয়পুরে জি স্টুডিওতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হয় মিস ইউনিভার্স মঞ্চের এই ভারতীয় প্রতিনিধিকে। ৫২ জন প্রতিযোগীকে টপকে বিজয়ের মুকুট পড়েন কেরালার এই কন্যা।
মিস ইউনিভার্স ইন্ডিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিজয়ীর নাম ঘোষণা করেছে। কাজিয়ার কিছু ছবি পোস্ট করে লিখেছে, “নতুন যুগের সূচনা! কাজিয়া লিজ মেজোর সঙ্গে পরিচিত হোন। তিনি নবনির্বাচিত মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬! হৃদয়ে মহত্ত্ব, আত্মার শক্তি এবং কোটি কোটি মানুষের স্বপ্ন নিয়ে কাজিয়া এখন মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার যাত্রা শুরু করলেন। অভিনন্দন, রানি! মহাবিশ্ব আপনার অপেক্ষায়।”
কাজিয়া কেরালার মেয়ে হলেও তার শৈশব কেটেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। এমিরেটস ন্যাশনাল স্কুল, সেন্ট জোসেফ স্কুল এবং আবুধাবি ইন্ডিয়ান স্কুলে পড়াশোনা করেছেন কাজিয়া। এখন আইন বিষয়ে পড়াশোনার পাশাপাশি মডেলিংও করছেন।
সুন্দরী প্রতিযোগিতাই কাজিয়ার একমাত্র পরিচয় নয়। ১২ বছর শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি একজন গায়িকাও। ড্রাম ও ভায়োলিনও বাজাতে পারেন তিনি। পাশাপাশি জনসমক্ষে বক্তব্য দেওয়া ও অভিনয়েও নিজেকে প্রস্তুত করেছেন। মালায়ালাম ভাষার ‘শাইলক’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়েছে তার।
কাজিয়ার এই জার্নি মোটেও সহজ ছিল না। এক সংবাদ সংস্থার সঙ্গে সাম্প্রতিক আলাপচারিতায় তিনি সৌন্দর্য প্রতিযোগিতার জগতে পা রাখার আগের দিনগুলোতে নিজের আত্মবিশ্বাস নিয়ে যে লড়াইয়ের মধ্য দিয়ে গিয়েছিলেন, তা তুলে ধরেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, “বছরের পর বছর ধরে আমার নিজের এমন একটা ছবিও ছিল না যা কোন ফিল্টার ছাড়া তোলা। নিজের চেহারা, ব্যক্তিত্ব-সবকিছু নিয়েই আমি এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগতাম।”
তিনি জানান, নিজের ওপর বিশেষ করে যোগাযোগ দক্ষতা, ব্যক্তিত্ব ও বাহ্যিক চেহারার ওপর কাজ করা, তাকে আরও আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছে। ভয় কাটিয়ে ওঠার ক্ষেত্রে ‘ফেইক ইট টিল ইউ মেক ইট’ (অর্থাৎ, সফল না হওয়া পর্যন্ত আত্মবিশ্বাসী হওয়ার ভান করা)-এর ধারণাও তাকে সহায়তা করেছে বলে তিনি উল্লেখ করেন। কাজিয়ার কথায়, তিনি নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে বিশ্বাস করিয়েছেন তারপর মঞ্চে হাঁটতে শুরু করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই আত্মবিশ্বাসই একসময় বাস্তবে পরিণত হয়।
‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন, সাবেক মিস ইউনিভার্স ইন্ডিয়া বিজয়ী উর্বশী রাউতেলা ও সেলিনা জেটলি। আগামী নভেম্বরে পুয়ের্তো রিকোতে বসবে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিশ্ব আসর। এতে ভারতের প্রতিনিধিত্ব করবেন কাজিয়া। বলিউডশাদি


