চাঁদপুরের বাগাদী চৌরাস্তা ও মতলব উপজেলার বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ফেলে এবং যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে সড়ক অবরোধ করেছেন সিএনজি অটোরিকশাচালকরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
রোববার (২৩ আগস্ট) চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের বাগাদী চৌরাস্তা এলাকায় এ বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ ও লাইসেন্সবিহীন অটোরিকশা চলাচল করতে দেওয়া হবে না বলে পৌর কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে চালকরা বিক্ষোভে নামেন। তারা বিকল্প কর্মসংস্থানসহ বিভিন্ন দাবিও জানান।
একপর্যায়ে বাগাদী চৌরাস্তা এলাকায় সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করেন অটোরিকশাচালকরা। একই সময়ে মতলব উপজেলার বিভিন্ন স্থানেও সড়ক অবরোধ করা হয়। সেখানে অবরোধকারীরা সাধারণ যাত্রীদের জোর করে যানবাহন থেকে নামিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
খবর পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান দ্রুত ঘটনাস্থলে যান। তাঁর উপস্থিতি ও প্রশাসনের তৎপরতায় সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে নেওয়া হয় এবং অবরোধ তুলে দেওয়া হয়।
পুলিশ সুপার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।


