এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মিউনিখভিত্তিক সংস্থা ইফো ইনস্টিটিউট জানিয়েছে, জার্মানির প্রতি চারটি কোম্পানির মধ্যে প্রায় একটিতে দক্ষ কর্মীর সংকট রয়েছে৷
শুক্রবার প্রকাশ করা তাদের এক জরিপ অনুযায়ী, গেল জুলাই জার্মানির ২৩.২ শতাংশ কোম্পানি দক্ষ কর্মীর ঘাটতি ছিল৷ গত এপ্রিলের তুলনায় এই হার ২ শতাংশ বেশি৷
অবশ্য দক্ষ শ্রমিকের ঘাটতির বিষয়ে জার্মানির কোম্পানিগুলোর দীর্ঘমেয়াদী গড় হার এর চেয়েও বেশি – ৩১.৭ শতাংশ৷
ইফোর গবেষক ডারিয়া শালার বলেন, বর্তমানে জার্মানির অর্থনীতি কিছুটা দুর্বল হয়ে পড়ায় দক্ষ কর্মীদের চাহিদাও কিছুটা সীমিত৷ তবে তিনি মনে করেন, জার্মানির অর্থনীতি যখন ঘুরে দাঁড়াবে, তখন ‘দক্ষ কর্মীর সংকট আবারও উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে৷
জার্মানিতে এই মুহূর্তে দক্ষ কর্মীর চাহিদা সবচেয়ে বেশি টেলিযোগাযোগ খাতে৷ সেখানে ৩১.১ শতাংশ কোম্পানিতে দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে৷ গত এপ্রিলে সেখানে ১৬.৩ শতাংশ কোম্পানিতে দক্ষ কর্মীর অভাব ছিল৷ এছাড়া কনসালটেন্সি এবং অডিটিং খাতের প্রায় ৬৫ শতাংশ কোম্পানি দক্ষ শ্রমিকের সংকটের মুখে রয়েছে, আগে ছিল ৫২.৪ শতাংশ কোম্পানিতে৷


