আগামী মাসে নির্ধারিত ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর আবারও পিছিয়ে যেতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, সিরিজটির ভাগ্য ও চূড়ান্ত সময়সূচি নিয়ে ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাথে এখনও আলোচনা চলছে।
মূলত গত বছরের আগস্টে এই সিরিজটি হওয়ার কথা থাকলেও পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে পুনঃনির্ধারণ করা হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, সেপ্টেম্বরে ঢাকা ও চট্টগ্রামে তিনটি একদিনের আন্তর্জাতিক ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ভারত। তবে এ বিষয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে কখনোই কোন আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।
আগামী ৩ সেপ্টেম্বর প্রথম ওডিআই হওয়ার কথা, মাত্র দুই সপ্তাহ বাকি থাকতেও সিরিজের অনিশ্চয়তা কাটেনি। তার আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘গেম ডেভেলপমেন্ট ট্রফি’ নামে একটি বয়সভিত্তিক টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে বিসিবি। সূচিতে খেলা আগামী ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। এই সময়ে জাতীয় স্টেডিয়ামে বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজন ভারতের সফর না হওয়ার ইঙ্গিত কিনা এমন প্রশ্নে বিসিবি সভাপতি তামিম জানান আপডেট।
‘ভারত সিরিজ নিয়ে উভয় বোর্ড আলোচনা চালিয়ে যাচ্ছে। ম্যাচের তারিখ কিছুটা আগে-পরে বা পরিবর্তন হতে পারে। এই টুর্নামেন্টটি বর্তমানে মিরপুরে নির্ধারিত থাকলেও প্রয়োজনে দুই মিনিটের মধ্যে বসুন্ধরা মাঠে স্থানান্তর করা সম্ভব। ভারত সিরিজের চূড়ান্ত সূচি নির্ধারিত হলেই আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।’
গত জানুয়ারিতে বিসিবি সিরিজের সূচি ঘোষণা করার পর দুদেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে বড় ধরনের অবনতি ঘটে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া এবং সেটির জেরে তৎকালীন বিসিবি প্রধান আমিনুল ইসলামের নেতৃত্বে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে না পাঠানোর সিদ্ধান্তে টানাপোড়েন চরম আকার ধারণ করেছিল।

