দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে যে তিন সংসদ সদস্য ভোটকেন্দ্রে উপস্থিত হননি তারা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং জামায়াত থেকে নির্বাচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা ২টা ১০ মিনিটে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
নির্বাচন কমিশন গঠিত প্যানেলের তদারকিতে অনুষ্ঠিত এই ভোটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অধিকাংশ সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করলেও বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রে দেখা যায়নি তিন ভোটারকে।
সংসদ সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। ফলে তার পক্ষে এই নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না।
অন্যদিকে, সাম্প্রতিক একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনার জেরে জামায়াতে ইসলামী ইতোমধ্যে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে। এই কারণে তিনিও ভোট দিতে পারেননি।
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপির বা ১১ দলীয় জোটের যেকোনো প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার সুযোগ থাকলেও শেষ সময় পর্যন্ত তাকে ভোটকক্ষে দেখা যায়নি।


