গোলরক্ষকের সময়ক্ষেপণের শাস্তি হিসেবে এবার দলের একজন খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই নতুন নিয়মের প্রথম শিকার হয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের অধিনায়ক নেইমার।
ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগ সিরি আ-তে পরীক্ষামূলকভাবে নিয়মটি চালু করা হয়েছে। একই নিয়ম প্রিমিয়ার লিগসহ অন্যান্য প্রতিযোগিতাতেও পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো গোলরক্ষকের চিকিৎসার কারণে খেলা বন্ধ হলে ম্যাচ পুনরায় শুরুর আগে কোচকে তাৎক্ষণিকভাবে দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিতে হবে। কোচকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দেওয়া হবে মাত্র ১০ সেকেন্ড। নির্ধারিত সময়ের মধ্যে কোচ যদি কোনো খেলোয়াড়কে নির্বাচন করতে না পারেন, তাহলে দলের অধিনায়ককেই এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হবে।
সোমবার সিরি আ-তে ভাস্কোর বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের জয়ের ম্যাচে প্রথমবারের মতো ব্রাজিলিয়ান শীর্ষ লিগে এই নিয়ম প্রয়োগ করা হয়। ম্যাচে সান্তোসের গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও চিকিৎসার প্রয়োজনের কথা জানান। এরপর চিকিৎসার জন্য খেলা বন্ধ থাকে।
সান্তোস কোচ ১০ সেকেন্ডের মধ্যে কোন খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠাবেন, সেই সিদ্ধান্ত নিতে পারেননি। ফলে নিয়ম অনুযায়ী রেফারি সান্তোসের অধিনায়ক নেইমারকে এক মিনিটের জন্য মাঠ ছাড়ার নির্দেশ দেন।
এর মধ্য দিয়ে পরীক্ষামূলক এই নিয়মে শাস্তি পাওয়া প্রথম খেলোয়াড় হিসেবে নাম লেখান ৩৪ বর্ষী নেইমার।


