বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম | চ্যানেল আই অনলাইন

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কমে আসা এবং জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ব্রেন্ট ক্রুডের ফিউচারসের দাম ২৭ সেন্ট বা ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগের সেশনেও ব্রেন্টের দাম জুলাইয়ের শেষ দিকের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪২ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৪ ডলারে লেনদেন হয়েছে। দিনের শুরুতে এর দাম ১ শতাংশের বেশি বেড়ে ৮৫ দশমিক ৩৭ ডলারে উঠেছিল।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা সফল না হওয়া, তেহরানের আরও কঠোর অবস্থানের ঘোষণা এবং ওয়াশিংটনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে অনাগ্রহ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা আরও বাড়তে পারে। ফলে আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওপর বাড়তি চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Scroll to Top