র‍্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠনের খসড়া আইনে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন – DesheBideshe



ঢাকা, ১৭ আগস্ট – স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬ এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

প্রস্তাবিত এই আইনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো বর্তমানের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবকে বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠন করা। এই আইনের অধীনে সাধারণ নাগরিকদের অভিযোগ গ্রহণ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ উল্লেখ করেছে যে র‍্যাব সংশ্লিষ্ট জনবল, আদেশ, ক্ষমতা, সম্পদ, তহবিল এবং যাবতীয় রেকর্ডপত্র নবগঠিত এসআরবির কাছে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নতুন বিধিমালা কার্যকর না হওয়া পর্যন্ত বিদ্যমান র‍্যাব সংক্রান্ত বিভাগীয় কার্যধারার বিধিমালা প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে বহাল থাকবে।

এনএন/ ১৭ আগস্ট ২০২৬



Scroll to Top