আর্জেন্টিনার অন্যতম কিংবদন্তি ফরোয়ার্ড ক্লদিও ক্যানেজিয়া। বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সতীর্থ হিসেবে জাতীয় দলে খেলেছেন তিনি। সোমবার বাংলাদেশে এসেছেন বাংলাদেশ ফুটবল লিগের ক্লাব ফর্টিস এফসি’র আমন্ত্রিত একটি প্রোগ্রামে। সেখানে জানিয়েছেন বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেলে জাতীয় বা অন্য যে কোনো পর্যায়ের ফুটবল নিয়ে কাজের কথা চিন্তা করবেন।
ক্যানেজিয়া বিকেলে ফর্টিস ক্লাবে আসার পর সারেন একগাদা কার্যক্রম। ঘুরে দেখেন ক্লাবের একাডেমি, কথা বলেন ও ছবি তোলেন খুদে ফুটবলারদের সাথে। এরপর সন্ধ্যার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন সংবাদমাধ্যমে। বাংলাদেশের ফুটবল ভক্তদের নিয়ে বলেন ইতিবাচক কথাও।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড ক্যানেজিয়া বলেন, ‘না না, আমি কখনোই বাংলাদেশে কাজ করার কোনো প্রস্তাব পাইনি। তার মানে কাজ করব না এমন না। অবশ্যই, প্রস্তাব পেলে এটা নিয়ে ভাববো। এমন একটি দলের সাথে কাজ করা সুন্দর যারা এগিয়ে যেতে চায় এবং যাদের অভিজ্ঞ লোক আছে। তারা অনেক বছর ধরে ফুটবল খেলছে…।’
‘পরিষ্কার করে বলি, আমি নিজে নিজেকে প্রস্তাব দিচ্ছি না। তবে ঠিক আছে, কেন নয়? অনেক কোচের ক্ষেত্রে এটি সবসময় ঘটে, জাতীয় দলের দায়িত্ব নিতে বিদেশে যাওয়া। দেখা যাক কী হয়। উদাহরণস্বরূপ স্পেনের হাভিয়ের ক্যাবরেরার কথা বলা যায়। যিনি কাজ করতে এসেছিলেন বাংলাদেশ।’
আর্জেন্টিনার হয়ে ৫০টি আন্তর্জাতিক ম্যাচে ১৬টি গোল করার অভিজ্ঞতা রয়েছে ক্যানেজিয়ার। আর্জেন্টিনার পেশাদার লিগে ক্লাব অ্যাথলেটিক রিভার প্লেট ক্লাব দিয়ে পেশাদার ফুটবল শুরু করেন। এরপর বোকা জুনিয়র্স, সিরিআ’র হেলাস ভেরেনা, আটালান্টা এবং রোমাতে খেলেছেন। এছাড়া পর্তগালের বেনফিকা, স্কটল্যান্ডের রেঞ্জার্সে খেলেছেন।

