দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু – DesheBideshe



ঢাকা, ১৫ আগস্ট – দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছয়জনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭২৮ জনের শরীরে এবং নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮০৩ জন এবং নিশ্চিত হামে ৯৯ জন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০২ জনে।

আক্রান্তের পরিসংখ্যানে দেখা যায় গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১৭ হাজার ৮০০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জন রোগীর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৯ হাজার ৮৯ জন।

এনএন/ ১৫ আগস্ট ২০২৬



Scroll to Top