ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি | চ্যানেল আই অনলাইন








ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি | চ্যানেল আই অনলাইন





















ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করে দেশটির কর্তৃপক্ষ। আতঙ্কে উপকূলীয় এলাকার বাসিন্দারা নিরাপদ ও উঁচু স্থানে সরে যেতে শুরু করেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, আজ (১৫ আগস্ট) শনিবার স্থানীয় সময় ভোর ৫টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্র পূর্ব নুসা তেংগারা প্রদেশের এন্দে শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

প্রাথমিক কম্পনের পর আরও দুটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়। এর মধ্যে একটির মাত্রা ছিল ৬ দশমিক ১। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা সুনামি সতর্কতা জারি করে বাসিন্দাদের সমুদ্রসৈকত ও নদীর তীর থেকে দূরে থাকার পাশাপাশি নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এন্দে শহরের একটি হাসপাতালের কর্মী লুকাস লোটার জানান, হঠাৎ করেই হাসপাতাল ভবনটি কাঁপতে শুরু করলে রোগী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীদের দ্রুত বাইরে বের করে আনা হয়। শক্তিশালী কম্পনের কারণে হাসপাতালের কয়েকটি দেয়ালে ফাটল দেখা দিয়েছে।

ইন্দোনেশিয়ার প্রচারমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে কয়েকটি ক্ষতিগ্রস্ত ভবন দেখা গেছে। নিকটবর্তী নাগেকো রিজেন্সিতেও শত শত মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে ১৯ থেকে ৩০ সেন্টিমিটার উচ্চতার সুনামির ঢেউ শনাক্ত করা হয়েছে।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’ এ অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত দেশটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল।

Scroll to Top